শেয়ার বাজার

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ৬ জুন ২০২৬

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। শুক্রবার (৫ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত এসব হাজি দেশে ফেরেন। এছাড়া হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।  

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। 

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৩২ হাজার ৮৩২ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন। 

এসব হাজিকে দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৫, মদিনায় ১২ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।  

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৩৬০ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

Dummy Ad 1

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বৃষ্টির বাগড়া

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) ৯টা ৪৮ মিনিটের দিকে তিনি পৌঁছান বলে জানিয়েছেন জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল।

সকাল ১০টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের ভিআইপি গেইট দিয়ে বের হন। তবে সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় কেউ চলাচল করতে পারছেন না।

নিরাপত্তাবাহিনী, অতিথি, বিএনপির নেতাদের গাড়ি ছাড়া অন্যকোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। শহরের বিমানবন্দর সড়ক, হলিডে, কলাতলী সড়ক, বাসটার্মিনাল, লিংকরোডসহ সংশ্লিষ্ট উপসড়কেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। ফলে উড়োজাহাজ গুলোর ফ্লাইটের সাধারণ যাত্রীরাও চরম বেকায়দায় পড়েছেন।

দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চকরিয়ায় এক রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে এটিই তার প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং সেখানে আয়োজিত পথসভায় অংশ নেবেন। পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সেটা শেষ করে যাবেন পেকুয়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে।

সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ভাষণ শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করে রাতে কক্সবাজার শহরের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেওয়ার পর কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ১২ ঘণ্টার শিডিউল কর্মসূচি শেষে একই দিন রাত ১১টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে।

ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ১২ জুন পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়।

বেনজীর আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত ১০ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। গত বছরের ৮ জানুয়ারি আদালত বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন। ১৩ জানুয়ারি বেনজীর আহমেদ ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত।


জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি-না? ঢেলেঢালা। তাদের সঙ্গে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি সই করেছে।’

তিনি বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনকর্মসূচিতে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, জনসম্পৃক্ত কর্মসূচিতে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে। এ দেশকে আমাদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে ঠিক করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরাই এ দেশ গড়ে তুলবো।

এসময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।