শেয়ার বাজার

কারাগারে গেলেই কি এমপি পদ যায়, গাজী নজরুলের ঘটনায় যে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর ২০২৬

কারাগারে গেলেই কি এমপি পদ যায়, গাজী নজরুলের ঘটনায় যে প্রশ্ন

একজন সংসদ সদস্য কোনো ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেলেন। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, তিনি কি আর সংসদ সদস্য থাকতে পারবেন? তার আসন কি শূন্য হয়ে যাবে?

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এখন এমনই একটি পরিস্থিতিতে রয়েছেন। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না পেয়ে তিনি কারাগারে। এর আগে গত জুলাই মাসে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। তখনও তার সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠেছিল।

এখন সেই প্রশ্ন নতুন মাত্রা পেয়েছে। কারণ, একই সময়ে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশের পর মিষ্টি পদত্যাগ করেন এবং সেই আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়।

আবার প্রশ্ন দাঁড়ায়, সরকারি দল চাইলে একজন এমপিকে পদত্যাগ করাতে পারে, কিন্তু বিরোধী দলের একজন এমপির ক্ষেত্রে কেন একইভাবে সংসদ সদস্য পদ শূন্য করা যাচ্ছে না?

তবে আইন ও সংবিধানের বিধানগুলো দেখলে বিষয়টি আসলে আরও কিছুটা ভিন্ন।

শুধু কারাগারে গেলেই আসন শূন্য নয়

বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তির পর পাঁচ বছর না পেরোলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা সদস্য থাকার অযোগ্য হবেন।

অর্থাৎ এখানে দুটি বিষয় আলাদা। একটি হলো মামলায় আসামি হওয়া বা কারাগারে থাকা, অন্যটি হলো আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজা পাওয়া।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী মাহিয়া বিনতে মাহাবুব জাগো নিউজকে বলেন, কোনো মামলায় একজন সংসদ সদস্য গ্রেফতার হয়ে কারাগারে গেলেই তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। বিচারাধীন মামলায় কারাগারে থাকা এবং অপরাধে চূড়ান্তভাবে দণ্ডিত হওয়া এক বিষয় নয়। সংবিধানের ৬৬(২)(ঘ)-এ যে অযোগ্যতার কথা বলা হয়েছে, সেটি দণ্ডের সঙ্গে সম্পর্কিত।

ফলে গাজী নজরুল ইসলাম বর্তমানে যে মামলায় কারাগারে আছেন, শুধু সেই কারণে তার সাতক্ষীরা-৪ আসন শূন্য হয়ে যায় না।

আইনজীবী মাহিয়া বিনতে মাহাবুব বলেন, এখানে সংবিধানের আরেকটি বিধান গুরুত্বপূর্ণ। ৬৭(১)(খ) অনুযায়ী, কোনো সংসদ সদস্য সংসদের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার আসন শূন্য হবে।

তবে কারাগারে থাকা মানেই স্বয়ংক্রিয়ভাবে এই বিধান কার্যকর হয়ে যাবে, এমন কথাও সংবিধানে নেই। এখানে প্রশ্ন হবে তিনি সংসদে অনুপস্থিত থাকার জন্য সংসদের অনুমতি পেয়েছেন কি না এবং সাংবিধানিক শর্তটি বাস্তবে পূরণ হয়েছে কি না।

অর্থাৎ একজন এমপির কারাবাস দীর্ঘ হলে কারাগারে থাকার কারণেই নয়, ৯০ কার্যদিবসের সাংবিধানিক শর্ত পূরণ হয়েছে কি না; সেটিও আলাদা করে বিবেচনার বিষয় হতে পারে।

আসন শূন্য হওয়ার পথগুলো কী?

সংশ্লিষ্ট বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের ৬৭ অনুচ্ছেদে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিষয়টি নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়া, সংসদের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকা, সংসদ বিলুপ্ত হওয়া, ৬৬(২)-এর কোনো অযোগ্যতায় পড়া এবং ৭০ অনুচ্ছেদের পরিস্থিতি তৈরি হওয়া।

এছাড়া একজন সংসদ সদস্য নিজে লিখিতভাবে স্পিকারের কাছে পদত্যাগ করলে সেই পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর পর আসনটি শূন্য হয়।

এখানেই ফেরদৌসী আহমেদ মিষ্টির সঙ্গে গাজী নজরুল ইসলামের ঘটনার মৌলিক পার্থক্যটি তৈরি হয়।

মিষ্টির ক্ষেত্রে দলীয় নেতৃত্ব তাকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে। তিনি যে পদত্যাগপত্র দিয়েছেন, সেটি হচ্ছে সংবিধানের ৬৭(২)-এর অধীনে স্বেচ্ছায় পদত্যাগের প্রক্রিয়া। অন্যদিকে নজরুলকে জামায়াত দল থেকে বহিষ্কার করেছে; তিনি নিজে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি।

নজরুলকে নিয়ে সংসদেই উঠেছিল প্রশ্ন

গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, এ প্রশ্ন অবশ্য নতুন নয়। তিনি জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ার পর বিষয়টি নিয়ে জাতীয় সংসদেই আলোচনা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সংসদীয় কমিটিতে তাকে রাখা নিয়ে বিতর্কের একপর্যায়ে তার সদস্যপদ নিয়েও প্রশ্ন ওঠে।

সেদিন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু দল থেকে বহিষ্কার করলেই কোনো সংসদ সদস্যের আসন শূন্য হয় না। তার ভাষ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটদানে বিরত ছিলেন। বিষয়টি সংবিধানের ৭০ অনুচ্ছেদের আওতায় পড়ে কি না, তা স্পিকার বা নির্বাচন কমিশনের নজরে আনার পরামর্শ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী তখন বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যদি সত্যি সত্যিই চান তার আসনটা শূন্য হোক’, তাহলে ওই বিষয়টি আমলে নিয়ে স্পিকার বা নির্বাচন কমিশনে চিঠি দেওয়া যেতে পারে। এরপর তিনি বলেন, ‘এই বুদ্ধিটা বিনা পয়সায় দিলাম।’

তার বক্তব্য ছিল, এভাবে বিষয়টি উত্থাপিত হলে সরকার বিধি অনুযায়ী সাংবিধানিকভাবে সহযোগিতা করতে পারে।

অর্থাৎ, তখনও আলোচনায় ছিল দল থেকে বহিষ্কার করলেই আসন শূন্য হয় কি না, নাকি সংবিধানের নির্দিষ্ট কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংসদে দেওয়া বক্তব্যেই স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছিলেন, শুধু বহিষ্কার যথেষ্ট নয়; অন্য একটি সাংবিধানিক ভিত্তি দেখাতে হবে।

এই জায়গাটিই এখন নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, সেই বিতর্কের কয়েক সপ্তাহ পর গাজী নজরুল ইসলাম একটি ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে। ফলে প্রশ্নটি এখন আরও সরাসরি, মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেলেই কি একজন সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যায়, নাকি তার জন্য সংবিধানে আলাদা শর্ত ও প্রক্রিয়া রয়েছে?

অতীতের ঘটনাগুলো কী বলছে?
বাংলাদেশের সংসদীয় ইতিহাসেও এমন একাধিক ঘটনা আছে, যেখানে দল থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ একসঙ্গে শেষ হয়নি।

অষ্টম জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তৎকালীন স্পিকার তার সংসদ সদস্য পদ বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন। নবম সংসদে সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টির এমপি এইচ এম গোলাম রেজাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল; প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া না হওয়ায় তিনি এমপি পদে বহাল ছিলেন।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিও দল থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এমপি ছিলেন। জামালপুর-৪ আসনের সাবেক এমপি ডা. মুরাদ হাসানের ক্ষেত্রেও মন্ত্রিত্ব ছাড়ার পর দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তার সংসদ সদস্য পদ নিয়ে আলাদা আইনি প্রশ্ন তৈরি হয়েছিল।

আরেকটি বহুল আলোচিত ঘটনা আবদুল লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বিষয়টি নির্বাচন কমিশন পর্যন্ত গড়ায়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই তিনি নিজে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর টাঙ্গাইল-৪ আসন শূন্য ঘোষণা করা হয়।

এসব নজির দেখায়, দলীয় বহিষ্কার এবং সংসদ সদস্য পদ শূন্য হওয়া একই আইনি ঘটনা নয়।

নজরুলের মামলায় এখন অবস্থাটা কী?
গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে বিষয়টি নতুন আলোচনায় তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার কারণে।

গত ২০ সেপ্টেম্বর ঢাকার শেরেবাংলা নগর এলাকার একটি বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

রিমান্ড শেষে নজরুলকে কারাগারে পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ। একই মামলায় তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম জামিন পান। বাদীপক্ষ এর আগে আপসনামা দিয়ে আসামিদের জামিনে আপত্তি না থাকার কথা জানিয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ ওই আপসনামার বিরোধিতা করে।

এই মামলাটি এখনো বিচারাধীন। ফলে নজরুল ইসলাম এখনো কোনো অপরাধে চূড়ান্তভাবে দণ্ডিত হননি। এ অবস্থায় কেবল মামলায় কারাগারে থাকার কারণে সংবিধানের ৬৬(২)(ঘ)-এর অযোগ্যতা তার ক্ষেত্রে প্রয়োগ হয়েছে, এমন কথা বলার সুযোগ নেই।

মিষ্টির ঘটনায় কেন আলাদা প্রক্রিয়া?
ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে অভিযোগটি এখনো তদন্তাধীন বলেই ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন। তিনি বলেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এর একদিন পর তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর আসে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন এবং অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

অর্থাৎ এখানেও অভিযোগ প্রমাণিত হয়েছে। এমন কোনো সিদ্ধান্তের ভিত্তিতে তার সংসদ সদস্য পদ শূন্য হচ্ছে না। বরং দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের পর পদত্যাগের একটি সম্ভাব্য সাংবিধানিক পথ তৈরি হয়েছে।

এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কারণ একজন এমপিকে দলীয়ভাবে পদত্যাগ করতে বলা এবং আইনগতভাবে তার আসন বাতিল করা এক বিষয় নয়।

বিরোধীদলের এমপিকে কেন একইভাবে সরানো যাচ্ছে না?
প্রশ্নটির উত্তর রাজনৈতিক সমীকরণে নয়, সাংবিধানিক কাঠামোয়।

কোনো দল তার সংসদ সদস্যকে বহিষ্কার করতে পারে। এটি দলীয় সাংগঠনিক বিষয়। কিন্তু সেই বহিষ্কারের সঙ্গে সঙ্গে সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে, সংবিধান এমন সরাসরি বিধান দেয়নি।

অন্যদিকে কোনো এমপি নিজে পদত্যাগ করলে সংবিধানের ৬৭(২) ধারা অনুযায়ী আসন শূন্য হয়। আবার ৬৬(২)-এর কোনো অযোগ্যতা তৈরি হলে ৬৭(১)(ঘ) অনুযায়ী আসন শূন্য হওয়ার প্রশ্ন আসে। ৭০ অনুচ্ছেদের শর্ত পূরণ হলেও একই ফল হতে পারে।

এসব অযোগ্যতা বা আসন শূন্য হওয়া নিয়ে বিরোধ দেখা দিলে সংবিধানের ৬৬(৪) অনুযায়ী বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানোর বিধান রয়েছে। কমিশন শুনানি করে সিদ্ধান্ত দিতে পারে এবং এ বিষয়ে তার সিদ্ধান্ত চূড়ান্ত।

ফলে সরকারি দল বা বিরোধী দল—কোনো দলই শুধু দলীয় সিদ্ধান্তের মাধ্যমে সংবিধানের বাইরে গিয়ে একজন নির্বাচিত এমপির আসন শূন্য করতে পারে না।

আইনের চোখে নজরুলের সামনে এখন কী
বিষয়টি সম্পর্কে আইনজীবী মাহিয়া বিনতে মাহাবুব জাগো নিউজকে বলেন, মামলায় গ্রেফতার বা কারাগারে থাকাই কোনো সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার কারণ নয়। সংবিধানের ৬৬(২)(ঘ) অনুযায়ী, নৈতিক স্খলনসম্পর্কিত কোনো ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এমপি পদে থাকার অযোগ্যতার প্রশ্ন আসে। আর ৬৭ অনুচ্ছেদে আসন শূন্য হওয়ার নির্দিষ্ট কারণ উল্লেখ আছে, এর মধ্যে নিজের পদত্যাগ, ৬৬(২)-এর অযোগ্যতা এবং ৭০ অনুচ্ছেদের আওতাধীন পরিস্থিতি রয়েছে। টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলেও বিষয়টি ৬৭(১)(খ)-এর আওতায় আসতে পারে। ফলে গাজী নজরুলের বর্তমান কারাবাসকে সরাসরি তার এমপি পদ বাতিলের কারণ বলা যায় না।

এই আইনজীবী বলেন, তার ক্ষেত্রে এখন মূলত সামনে রয়েছে মামলার বিচারিক ফল, সংসদে অনুপস্থিতির সাংবিধানিক শর্ত এবং কোনো পর্যায়ে আসন শূন্য করার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয় কি না, এই তিন প্রশ্ন। দল থেকে বহিষ্কার হওয়া আর এমপি পদ হারানোও এক বিষয় নয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদে দল থেকে নিজে পদত্যাগ করা বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলা হয়েছে; শুধু দলীয় বহিষ্কারকে আসন শূন্য হওয়ার স্বয়ংক্রিয় কারণ হিসেবে সেখানে উল্লেখ করা হয়নি।

বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে চাননি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জাগো নিউজকে বলেন, ফৌজদারি মামলা ও নৈতিক স্খলনের অভিযোগের মতো বিষয় সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য হিসেবে বহাল থাকার নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। একজন আইনপ্রণেতা হিসেবে তার ওপর সাধারণ মানুষের তুলনায় উচ্চতর নৈতিক মানদণ্ড প্রত্যাশিত।

তিনি বলেন, আইনগতভাবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত শুধু মামলা বা রিমান্ডের কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। তবে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফৌজদারি মামলায় রিমান্ড ও কারাগারে যাওয়ার মতো ঘটনা এবং একই সঙ্গে নৈতিকতার প্রশ্ন উঠলে বিষয়টি রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনার দাবি রাখে।

মোর্শেদ হোসেন শাহীন আরও বলেন, এক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকারেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আইনগত ক্ষমতা রয়েছে। 
Dummy Ad 1

নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩

নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩১ জনের কারাদণ্ড

বার্তাবেলা: নাশকতার মামলায় জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ৩১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক দুটি আদালত এসব রায় ঘোষণা করেন।

পল্টন থানার মামলায় মাসুদ-মজনুসহ ১০ জনের কারাদণ্ড

১০ বছর আগের পল্টন থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ ১০ জনকে দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

শফিকুল ইসলাম মাসুদ ও মজনু ছাড়াও মামলার সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম, মো. এরশাদুল, জোনাইদ, আব্দুল কাদের খন্দকার, মো. দুলাল হোসেন, মো. হুমায়ুন কবির রওশন ও মিজানুর রহমান টিপু।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার চার্জশিটভুক্ত অপর ৪৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। এছাড়া ঘটনাস্থলে থাকা গাড়ি ভাঙচুর করেন

নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীর তিন বছরের কারাদণ্ড

অপরদিকে ১০ বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় করা নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ঢাকা সিটির সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপির ১০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

এ মামলার দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া পলাতক ৮ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাবুল নামে এক ট্যাক্সিচালক ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে কয়েকজন তার গাড়ি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

এ ঘটনায় ট্যাক্সিচালক বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গুলশান থানার মামলায় বিএনপির ১১ জনের কারাদণ্ড

এদিকে পাঁচবছর আগে গুলশান থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে পৃথক তিন ধারায় সাড়ে চার বছরের সাজা দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ১৪৭ ও ৪২৭ ধারায় দুই বছর করে চার বছরের সাজা দেন বিচারক। সব ধারার সাজা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়। ফলে আসামিদের দুই বছর কারাভোগ করতে হবে।

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মো. মামুন চৌধুরী, বিল্লাল হোসেন, অসীম ওরফে অসীম আকরাম, নুরুল ওরফে নূর হোসেন, মো. শরীফ উদ্দিন ওরফে মামুন, আমিনুল ইসলাম, অহিদুল ইসলাম শাহীন, মো. রফিকুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান প্রান্ত, জয়নাল, মীর মোহাম্মদ স্বপন। তারা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক।

রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে অসীম ওরফে অসীম আকরাম ও মো. শরীফ উদ্দিন ওরফে মামুন আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ অক্টোবর অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা ঢাকার গুলশান এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হন। তারা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করে বলে মামলায় অভিযোগ করে পুলিশ। ঘটনার দিন ২৩ অক্টোবর পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে ২০১৯ সালের ১ এপ্রিল ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।


কুমিল্লায় ৭ খুন ৩৩ নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ৪১৬ টি মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৪

কুমিল্লায় ৭ খুন ৩৩ নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ৪১৬ টি মামলা

বার্তাবেলা ডেস্ক: কুমিল্লায় ডিসেম্বর মাসে ৭ টি খুনের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনা ১০ টি এবং নারী- শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৩ টি। সিঁধেল চুরি, পশু চুরিসহ মোট ২৬ টি চুরি এবং মাদক আইনে ২১০টি মামলা সহ বিভিন্ন অপরাধে জেলায় মোট ৪১৬ টি মামলা হয়েছে।

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।

রোববার ১৪ জানুয়ারী সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

সভা সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে ৪৬ টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, ৩০ টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬৮ জন। জেলায় ১১ টি বাল্য বিবাহ রোধ করা হয়েছে, একই সাথে বাল্য বিবাহ নিরোধ আইনে ৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় এবং একজনকে কারাদ- প্রদান করা হয়। ডিসেম্বর মাসে ১৯৩টি গ্রাম আদালতে ৭৪৫ টি মামলা দায়ের ও ৮২৭ মামলা নিষ্পত্তি করা হয়েছে। মাদক ও চোরাচালান সংক্রান্ত মোট ১৭৯ টি মামলা দায়ের ও ৪৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক ওই মাসে ২৪১ টি মোবাইল কোর্ট ৪৭২টি মামলায় ৩৪ লাখ ৭১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় সহ ২৮ জনকে কারাদ- প্রদান করা হয়েছে। নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু দ্বারা ভরাটকারীদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ টি অভিযানে ১০ টি মামলায় ৮ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে সভার শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সফল করায় আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সভার সভাপতি জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা -৬ সদরের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার),

সিভিল সার্জন ডা.নাসিমা আক্তার, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুকসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগন ও আইনশৃঙ্খলাবাহিনীর প্রতিনিধি- উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা ।

সভায় গোমতী নদীর পাড়ের মাটি কাটা,অবৈধ ভাবে বালু উত্তোলন , জিবির নামে চাঁদা উঠানো, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাল্য বিবাহ, দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৩

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন।

বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া তার পিতা। তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৫ সালে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।