শেয়ার বাজার

যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬

যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর কেশবপুর উপজেলায়  ধানক্ষেতে স্যালোমেশিনের পানি জমে তৈরি হওয়া গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে  উপজেলার পাজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। একই স্থান থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাঁদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েক দিন আগে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ওসি আরও জানান, মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Dummy Ad 1

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) এ এস এম নুরুল আখতার নিলয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য ও পানিসম্পদ কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, যুব ফাউন্ডেশনের মহিউদ্দিন মজুমদার এবং নবণীতা যুব মহিলা ক্লাবের সাবিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মো. এয়াছিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক ব্যাপারী, বাতিসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, কনকাপৈত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের স্বাবলম্বী করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাঁদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।


বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬

বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন তিনি। কিছুক্ষণের মধ্যে সম্মেলনের উদ্বোধন এবং উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’। এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন।

সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

তিন দিনব্যাপী সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।


দুর্গাপূজায় ৫ দিন ছুটি, অফিস-কর্মস্থলে যেতে হবে যাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজায় ৫ দিন ছুটি, অফিস-কর্মস্থলে যেতে হবে যাদের

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি পাচ্ছে দেশ। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করে বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর থাকছে দুদিন (২৩-২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি।

পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানের কর্মদিবস ২২ অক্টোবরও (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় টানা পাঁচদিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।

ছুটির আওতার বাইরে থাকবেন যারা

১) জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

২) হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

৩) চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

৪) জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এ ছুটির আওতার বাইরে থাকবেন।

৫) ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

৬) বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান/কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর অফিস খোলা ছিল। ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফলে এই তিনদিনের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিনের ছুটির উপভোগের সুযোগ তৈরি হয়েছে।

ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ খোলা থাকবে।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটানো যাবে।