শিল্প কারখানায় কর্মরতদের বেতন মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থায় নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করেছে।
এর আগে রোববার একই দাবিতে সকাল থেকেই উত্তাল ছিল গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, পল্লীবিদ্যুৎসহ আশপাশের এলাকা। বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ হয়, রণক্ষেত্র রূপ নেয় এসব এলাকা। উত্তেজিত শ্রমিকরা আগুন দেন পুলিশ বক্সে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়িও। ফলে এদিন মহাসড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।









